গ্রাম সংসদ সভা
- Israil Mallick
- 16 Aug, 2026
বাম আমলে পঞ্চায়েত এলাকায় চালু হয়েছিল গ্রাম সংসদ সভা।ছ'মাস অন্তর বছরে দু'বার করে বুথে বুথে হতো সংসদ সভা,গ্রামের মানুষের কাছে উপস্থিত হয়ে পঞ্চায়েতকে আয় ব্যয়ের হিসাব পেশ করতে হতো, গ্রামের মানুষকে নিয়েই করা হতো কাজের পরিকল্পনা।আর বছরে একবার হতো গ্রাম সভা।পঞ্চায়েত এলাকায় মাইকিং করে ঘোষণা করা হতো কবে কোথায় হবে গ্রাম সংসদ সভা।তৃণমূল আমলে বন্ধ হয়েছিল গ্রাম সংসদ সভা,সবই হতো খাতায় কলমে।হিসাব পেশ তো দূরের কথা,মানুষের মুখোমুখি হতে ভয় পেত এরা।নমো নমো করে হতো গ্রাম সভা।ডান হাতে বাম হাতে সই করে মিটিং এর কোরাম দেখানো হতো বলে অভিযোগ।এখন সরকার পাল্টেছে।শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে এখন চলছে ডবল ইঞ্জিন সরকার।নতুন সরকারের কাছে মানুষের আশা আকাঙ্খা অনেক।যদিও এখনি এখনি সবটা সম্ভব হবে না।নতুন সরকারের বয়স এই তো মাত্র তিন মাস।গ্রামের মানুষ চাইছেন,গ্রামের কোথায় কি কাজ হবে তার পরিকল্পনা হোক গ্রামের মানুষকে সঙ্গে নিয়েই।তৃণমূল আমলের মতো খাতায় কলমে নয়,পঞ্চায়েত আইন মেনে বাস্তবে হোক গ্রাম সংসদ সভা এবং গ্রাম সভা।সারা বছরের আয় ব্যয়ের হিসাব মানুষের সামনে পেশ করুক পঞ্চায়েত কর্তৃপক্ষ।গ্রাম থেকেই উঠে আসুক কর্মপরিকল্পনা,উন্নয়নের রূপরেখা।নেতাদের দাদাগিরি নয়,পঞ্চায়েতের কাজে বাড়ুক মানুষের অংশগ্রহণ।গ্রামে কোনো কাজ শুরু করার আগে স্বচ্ছতা বজায় রাখতে বাম আমলের মতো বেনিফিশিয়ারি কমিটি গঠন করা হোক।প্রকাশ্যে আলোচনা করা হোক কাজের সিডিউল।স্বচ্ছতা বজায় থাকুক।পঞ্চায়েতের কাজে মানুষের অংশগ্রহণ বাড়ুক।মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে চলুক পঞ্চায়েত,গতি ফিরে আসুক উন্নয়নমূলক কাজে।গড়ে উঠুক জনমুখী পঞ্চায়েত।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *