চাষিরা ভালো নেই
- Israil Mallick
- 16 Aug, 2026
আলুর দাম তলানিতে।এক কেজি আলু উৎপাদনে খরচ প্রায় ৭ টাকা,হিমঘরে বিক্রি হচ্ছে কেজি প্রতি ২.৫/৩ টাকায়।আলু চাষ করে সর্বস্বান্ত চাষিরা।দেনার দায়ে একদম দিশেহারা অবস্থা।এখনও পর্যন্ত হিমঘরে রাখা আলুর মাত্র ২৭/২৮ শতাংশ বের হয়েছে।বাজার ঘাটের অবস্থা খুব খারাপ,মার্কেটে সেভাবে লোকজন নেই।মানুষ কেমন মনমরা।নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে,কিন্তু চাষির ফসলের দাম নেই।আলু তো এবার নিলামের পথে।সংকটে গ্রামীণ অর্থনীতি।আলু তো অর্থকরী ফসল।দু'পয়সা লাভের আশায় চাষি তো আলু চাষ করবেই।আলু চাষ করে চাষিরা তো আর অপরাধ করে ফেলেনি।হিমঘরে এখন জ্যোতি আলুর দাম কেজি প্রতি ২.৫/৩ টাকা,অথচ হাটে কিনতে গেলে জ্যোতি আলুর দাম কেজি প্রতি ১৪/১৫ টাকা।হিমঘরে আলুর দাম নেই,তাহলে হাটে এত দাম কেন ? মাঝের টাকাটা যাচ্ছে কোথায় ? চাষিরা যাতে আলুর লাভজনক দাম পায় তার জন্য চাই সঠিক বিপণন ব্যবস্থা,সরকারের সদিচ্ছা।আলু বেশি চাষ হয়েছে বলে দাম নেই এটা কোনো যুক্তিসঙ্গত কারণ হতে পারে না।চাষিদের ঘাড়ে দোষ চাপিয়ে এটা তো দায় ঝেড়ে ফেলার একটা কৌশল মাত্র।চাষ ও চাষিকে বাঁচাতে আলুকে ভিন রাজ্যে ও ভিন দেশে পাঠাতে হবে,তার জন্য চাই সরকারের বিশেষ উদ্যোগ।মনে রাখতে হবে,গ্রাম দিয়েই শহর ঘেরা।গ্রামের চাষিরা ভালো না থাকলে শহরও ভালো থাকবে না।শহরের লোককে কম দামে আলু খাওয়াতে গিয়ে গ্রামের চাষিদের ভাতে মারলে গ্রামীণ অর্থনীতি একদম ভেঙে পড়বে।তাই বাজারকে চাঙ্গা রাখতে চাই আলুর লাভজনক দাম।স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী,কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য উৎপাদন খরচের চেয়ে অন্তত ৫০ শতাংশ বেশি হওয়ায় প্রয়োজন।প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ড.স্বামীনাথন বলেছিলেন,একজন চাষির আয় একজন সরকারি কর্মচারীর আয়ের সমান হওয়া উচিত।কিন্তু বাস্তব চিত্র পুরো আলাদা।চাষ করে চাষির এখন চরম দুরবস্থা,সংসার চালানোই দায়।আলুর দাম উৎপাদন খরচের চেয়ে এখন অন্তত ৫০ শতাংশ বেশি না হোক,২৫ শতাংশ বেশি হলেই চলবে।হিমঘরে তো এখন আলুর দাম নেই বললেই চলে।দেনার দায়ে মাথায় হাত চাষীদের।এই অবস্থায় চাষিদের পাশে দাঁড়াক রাজ্যের বিজেপি সরকার।চাষিদের বাঁচাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে ভিন রাষ্ট্রে আলু পাঠানোর উদ্যোগ গ্রহণ করুক শুভেন্দু অধিকারী'র নেতৃত্বাধীন রাজ্যের ডবল ইঞ্জিন সরকার।চাষি বাঁচুক,চাষ বাঁচুক।চাষি বাঁচলে সবাই বাঁচবে,সচল হবে গ্রামীণ অর্থনীতি।চাঙ্গা হবে বাজার।হাসি ফুটবে সবার মুখে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *